হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি
- সর্বশেষ আপডেট ০৪:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 56
চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান সশস্ত্র হামলার মুখে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনার পর তিনি ডবলমুরিং থানায় গিয়ে অভিযোগ করেন।
আসাদুজ্জামান জানান, অফিসে যাওয়ার পথে তিনজন ব্যক্তি হঠাৎ তাঁর গাড়ি আটকে দেয়। থামানোর সঙ্গে সঙ্গেই তারা গাড়ির কাচ ভাঙচুর শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় হামলাকারীরা বারবার ‘গুলি কর, গুলি কর’ বলে চিৎকার করছিল। প্রাণ বাঁচাতে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে কাছের একটি গলিতে আশ্রয় নেন। এরপর থানায় গিয়ে মামলা করার প্রস্তুতি নেন।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
এর আগে, ৫ অক্টোবর এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে আসাদুজ্জামানকে হত্যার হুমকি দেন। পরদিন তিনি চট্টগ্রাম বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করেন, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর ব্যবহৃত নম্বরে ফোন করে অজ্ঞাত ব্যক্তি ভয়–ভীতি প্রদর্শন করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন।































