শেঠির বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০১:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 28
মুম্বাইয়ের জুহু এলাকায় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে এই গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ঘটনার পরপরই রোহিত শেঠির বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও অপরাধ দমন শাখার একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
টাইমস অব ইন্ডিয়াকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেউ ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে জোনাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের টিম।’
মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে।
গুলির ঘটনার সময় পরিচালক রোহিত বাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, ২০২৪ সালে সালমান খানের বাড়ির বাইরে চলেছিল গুলি। এমনকি কপিল শর্মার কানাডার ক্যাফের বাইরে গুলি চলানো হয়।




























