শবে বরাত উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা
- সর্বশেষ আপডেট ০২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস এবং গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপি জানায়, নিষেধাজ্ঞার আওতায় আগামী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



































