মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে
- সর্বশেষ আপডেট ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 39
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মহেশখালী, চকরিয়া এবং বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

































