বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
এক বছর ধরে বিচারিক কার্যক্রমের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছায়। জানা গেছে, কানাডা থেকে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
তথ্য অনুযায়ী, বিনা ছুটিতে এক বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বিচারপতি মামনুন রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছিল।
উল্লেখ্য, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ৯ জন বর্তমানে দায়িত্বে নেই—কেউ বাধ্যতামূলক অবসরে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে চলে গেছেন। বাকি তিনজন পদে থাকলেও বিচারিক বেঞ্চে দায়িত্ব পালন করছেন না।
এছাড়া চলতি মাসে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকা ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।

































