নেত্রকোণায় ইটবোঝাই ট্রলির চাপায় শিশু নিহত
- সর্বশেষ আপডেট ০৬:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 49
নেত্রকোণার মোহনগঞ্জে ইটবোঝাই হ্যান্ডট্রলির চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনাটি সোমবার সকাল সোয়া ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় ঘটে। নিহত তাফসির নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনে পাকা ভবন নির্মাণ শুরু করেন।
দুর্ঘটনার সময় সাইদুর রহমান ইটভর্তি হ্যান্ডট্রলি দিয়ে ইট বহন করছিলেন। শিশুটি তার পিছু হাঁটছিল। একপর্যায়ে হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে তাফসির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওসি বলেন, “দুর্ঘটনার সময় শিশুটির বাবা পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

































