নরসিংদীতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
- সর্বশেষ আপডেট ০৫:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 27
নরসিংদীতে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ চার দফা দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় পৌনে তিন ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ জেলার বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন্স সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা সড়কের ওপর গাছের গুড়ি ও বেঞ্চ বসিয়ে উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি কাজে বের হওয়া মানুষদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা রাখা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে ‘লোকদেখানো’ বলে দাবি করেন। বিতর্কিত সার্কুলার বাতিল ও রিটের দ্রুত নিষ্পত্তিসহ দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল, এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি ও বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার।
খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেন।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করার আশ্বাস দেওয়া হলে বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।



































