দরিদ্র ও দুস্থের পাশে দাঁড়াল দীঘিনালা জোনের সেনাবাহিনী
- সর্বশেষ আপডেট ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন সদর এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার শেখ সাব্বির আহমেদ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। জোন কমান্ডার উপস্থিত উপকারভোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের জীবনযাত্রার খোঁজখবর নেন।
জোন কমান্ডার অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রেখে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে।”
স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেছে।




































