ঢাকা-১১ আসনে ড. কাইয়ুমের প্রার্থিতা বৈধ
- সর্বশেষ আপডেট ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। রিটটি করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আদালতের এ আদেশের ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অপরদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। এ সংক্রান্ত রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিট আবেদনটি দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।



































