জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: ফখরুল
- সর্বশেষ আপডেট ০১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশটাকে পেছন দিকে নিয়ে যেতে চায়।’
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। গার্মেন্টসের শ্রমিকদের নাকি পাঁচ ঘণ্টা কাজ করে ঘরে বসে রাখা হবে।’
জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘‘এক্স’’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, ‘আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বাংলাদেশে নারী পুরুষ সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এবং পৃথিবীকে এগিয়ে নেবে।’
তিনি বলেন, ‘নারীরা এ দেশে সংখ্যার হিসেবে পুরুষের চেয়ে বেশি। তারা সম্পূর্ণ সমান অধিকার পাবে, সম্মান পাবে- যা জামায়াতে ইসলামী চায় না।’






























