জয়পুরহাটে এতিম শিশুদের মাঝে দুম্বার মাংস বিতরণ
- সর্বশেষ আপডেট ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 55
জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব থেকে প্রাপ্ত দুম্বার মাংস সদর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নবেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিতরণের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস। তিনি বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে মাংসের প্যাকেট তুলে দেন। সার্বিক সমন্বয় করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান। তালিকা প্রণয়ন থেকে শুরু করে বিতরণ শেষ হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
মাংস পেয়ে খুশিতে মুখ উজ্জ্বল হয়ে ওঠে শিশুদের। এতিমখানার শিক্ষক ও পরিচালকেরা জানান, এ ধরনের সরকারি উদ্যোগ শুধু খাদ্য সহায়তাই নয়, সমাজের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। তাদের মতে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের এই সমন্বিত উদ্যোগ এলাকায় মানবিকতার চর্চাকে আরও প্রসারিত করবে।
পিআইও হাবিবুর রহমান বলেন, আমাদের কাজ শুধু সহযোগিতা পৌঁছে দেয়া নয়-সঠিক শিশুর হাতে, সঠিকভাবে পৌঁছে দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এতিম শিশুদের আনন্দ দেখে মনে হয়েছে আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কাজে পাশে থাকব।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস বলেন, সরকারের মানবিক সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছে যায়, আমরা তা নিশ্চিত করি। এতিম শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।



























