চমেকে রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা
- সর্বশেষ আপডেট ০৪:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 80
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)- এ আগত রোগী, স্বজন ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। এই মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন।
চমেক একটি বৃহৎ সরকারি হাসপাতাল হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও স্বজনের ভিড় থাকে। দীর্ঘদিন ধরে পানযোগ্য বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে পড়ছিলেন তারা। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে হাসপাতালের প্রধান ভবনে একটি আধুনিক পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) হাসপাতালের প্রধান ভবনের নিচতলায় প্ল্যান্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম। অনুষ্ঠানে ফিতা কেটে ও পানি পান করে প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বলেন, মানুষকে বিশুদ্ধ পানি পান করানো একটি মহৎ ও সওয়াবের কাজ। এই উদ্যোগ সম্পূর্ণ সদকায়ে জারিয়াহ। এমন মানবিক কাজে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি দূর্বার তারুণ্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য চমেক কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রমে ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রকল্পের উদ্যোক্তা মুহাম্মদ আবু আবিদ বলেন, বিশুদ্ধ পানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। একটি বড় সরকারি হাসপাতাল হিসেবে চমেকে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত হলেও দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। সেই সংকট নিরসনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রধান অতিথি, হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় অনেক সুযোগ-সুবিধাই অপ্রতুল। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের আগমনে বিশুদ্ধ পানির বিষয়টি দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের এই বিনামূল্যে বিশুদ্ধ পানির উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এর ফলে রোগী ও স্বজনরা উপকৃত হবেন এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসপাতালে আগত রোগী ও স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগে বাইরে থেকে পানির বোতল কিনতে হতো, যা অনেক সময় অতিরিক্ত খরচের কারণ হতো। এখন প্রতিটি ফ্লোরে সহজেই বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি পাওয়া যাবে, যা তাদের জন্য বড় স্বস্তির।
প্রকল্পের আওতায় হাসপাতালের প্রধান ভবনের প্রতিটি ফ্লোরে মোট ৪০টি পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে। এতে রোগী ও স্বজনদের আর বাইরে যেতে হবে না কিংবা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। প্ল্যান্টটি সার্বক্ষণিক চালু রাখতে একজন কর্মীকে মাসিক বেতনভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় এক লাখ মানুষের পানির চাহিদা পূরণে সক্ষম এই প্ল্যান্টটি হাসপাতাল এলাকার দীর্ঘদিনের পানির সংকটের একটি কার্যকর ও টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
































