সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্তর্বর্তী সরকারের অন্তত তিনজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়।
মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ‘হিড়িক’ বা হঠাৎ করে পাসপোর্ট জমা দেওয়ার প্রবণতার কথা নাকচ করেন। তিনি বলেন, “না না, হিড়িক না। আমি দিয়ে দিয়েছি। আমি আর যাব না কোথাও, এটা এক নম্বর। আমার স্বাস্থ্যটা খুব ইসে না, আপনি জানেন।”
তিনি আরও বলেন, সাধারণত জরুরি বৈঠক ছাড়া তিনি কোথাও যান না এবং বর্তমানে তেমন কোনো প্রয়োজনও নেই। “আমি সাধারণত জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাই না। সেজন্য আমি দিয়ে দিয়েছি। অনেকেই দিচ্ছে। এটা এখন নিয়ম হয়ে গেছে,” বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, তার কূটনৈতিক পাসপোর্টের পাশাপাশি তার স্ত্রীর পাসপোর্টও জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টাদের কূটনৈতিক সুবিধা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।































