৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৬:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 28
নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য নির্বাচন কমিশন (ইসি) সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। কমিশন জানিয়েছে, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, আবেদন ক্রমানুসারে প্রতিটি দলের প্রধানের জন্য আলাদা স্লট নির্ধারণ করতে হবে এবং রেকর্ডিংয়ের সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করা হবে।
দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এটি আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনি ভাষণ প্রচারের অংশ হিসেবে বরাদ্দ করা বিশেষ স্লট।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিটিভির মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের প্রচারণার সুযোগ দেওয়া হচ্ছে।”































