ক্রিকেটের নতুন আইনে কি আছে ?
- সর্বশেষ আপডেট ১০:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটের আইনে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে, যা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আগের ‘অবৈধ’ ঘোষিত কিছু ব্যাট এখন বৈধ, এবং খেলার বিভিন্ন নিয়মে পরিবর্তন এসেছে।
এমসিসি বলছে, নতুন আইনগুলি ক্রিকেটকে অপেশাদার এবং সাধারণ খেলোয়াড়দের জন্য আরও সহজলভ্য করতে আনা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ল্যামিনেটেড ব্যাট (টাইপ-ডি) ব্যবহারের অনুমতি। আগে শুধুমাত্র জুনিয়র ক্রিকেটে অনুমোদিত এই ব্যাট এখন বড়দের অপেশাদার খেলার জন্যও বৈধ।
এমসিসি জানাচ্ছে, ল্যামিনেটেড ব্যাট ব্যবহার ক্রিকেটের গতি বা পারফরম্যান্সে বড় প্রভাব ফেলবে না, কিন্তু ব্যয় অনেক কমাবে। এমসিসির আইনবিষয়ক ম্যানেজার ফ্রেজার স্টুয়ার্ট বলেন, “ইংলিশ উইলোর এখন সংকট। সাধারণ খেলোয়াড়দের নাগালের মধ্যে খেলাটি রাখাই বুদ্ধিমানের কাজ।”
নতুন আইনে মোট ৭৩টি সংশোধনী আনা হয়েছে। প্রধান কিছু নিয়ম পরিবর্তন হলো—
দিনের শেষ ওভার: দিনের শেষ ওভারে উইকেট পড়লেও বাকি বলগুলো শেষ করতে হবে।
সীমানায় ‘বানি হপ’ ক্যাচ: ফিল্ডার একবারই বাউন্ডারির বাইরে থেকে বল স্পর্শ করতে পারবেন; পরে ক্যাচ পূর্ণ করতে হলে বাউন্ডারির ভেতরে থাকতে হবে।
কিপারের গ্লাভস: বোলার বল ছাড়ার সময় গ্লাভস স্টাম্পের পেছনে থাকতে হবে।
শর্ট রান: ইচ্ছাকৃত শর্ট রানের শাস্তি ৫ রান, পরের স্ট্রাইক নিয়ন্ত্রণ ফিল্ডিং দলের।
হিট উইকেট: ব্যাটসম্যানের ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে আউট; কিন্তু ফিল্ডারের সঙ্গে ধাক্কা লাগলে নট আউট।
বল ‘ডেড’ ঘোষণা: আম্পায়ারের অনুমোদনে, কেবল কিপার বা বোলারের হাতে না থাকলেও বল ডেড ঘোষণা করা যাবে।
ওভার থ্রো: উদ্দেশ্যমূলক বল ছোঁড়া কেবল ‘ওভার থ্রো’, সাধারণ মিস ফিল্ডিং নয়।
ঘোষণা বা ডিক্লারেশন: শেষ ইনিংসে অধিনায়ক ইনিংস ঘোষণা করতে পারবেন না।
লিঙ্গ নিরপেক্ষ ভাষা: ‘ব্যাটসম্যান’ শব্দের পরিবর্তে সব জায়গায় ‘ব্যাটার’ ব্যবহার বাধ্যতামূলক।
১৭৮৭ সাল থেকে ক্রিকেটের আইন প্রণয়নের একমাত্র কর্তৃপক্ষ হিসেবে কাজ করছে এমসিসি। তারা বলছে, এই নতুন নিয়মগুলো আধুনিক ক্রিকেটের বাস্তবতা এবং টেকসই ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে আনা হয়েছে।





































