চালকদের বদঅভ্যাসেই বাড়ছে শব্দদূষণ: পরিবেশ উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তিনি জানান, নীরব এলাকায় হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা চত্বরে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত হর্ন বাজানো ও শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শব্দদূষণ রোধে একটি আইন প্রণয়ন করেছে, যা আগে কোনো সরকার করেনি, এবং এই আইন বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঢাকার যেসব এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেগুলো নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে।
অযথা হর্ন বাজানো বন্ধে জরিমানা ও শাস্তির আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা গেলে শব্দদূষণ ও অপ্রয়োজনীয় হর্ন বাজানো অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।






































