যেসব শর্তে ভারতের জন্য শুল্ক ছাড় দিলেন ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১০:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 35
যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার অংশ হিসেবে শুল্কহার কমিয়ে ১৮ শতাংশে নামাতে সম্মত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা হ্রাস, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমানো এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে তেল কেনার আগ্রহ প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো হয়েছে। এর ফলে আগে নির্ধারিত শুল্কহার কমিয়ে ১৮ শতাংশ করা হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ভারত আগামী দিনে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারস্পরিক শুল্কের পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত শাস্তিমূলক শুল্কও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
































