ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ: পররাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৬:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 34
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি বলেছেন, তা সত্ত্বেও দেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে। তবে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে।’ তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই কোনো না কোনোভাবে সহিংসতা ছিল। তবুও তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ওই নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তার বিশ্বাস, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের হার সেটিকে ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের উন্নয়ন সংস্থার এক প্রতিনিধি। তিনি বলেন, একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিজিটাল পরিসরে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের নিরাপত্তার ওপর জোর দেন তিনি।





























