১১–১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 40
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় উক্ত দুই দিন দেশের সব তফসিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।





























