রণক্ষেত্র ফরিদপুর, দাওয়াত না দেওয়াকে সংঘর্ষে আহত ২০
- সর্বশেষ আপডেট ০১:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 33
ফরিদপুরের ভাঙ্গায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ১৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান শিক্ষক মো. এনামুল কবির পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে দাওয়াত দেননি।
এতে ওই কয়েক গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মেরে আহত করে কিছু দুর্বৃত্ত। এ খবর ওই শিক্ষার্থীর এলাকা মানিকদাহ ইউনিয়নের চার গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। পাল্টা জবাবে হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নেয়।
একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
























