কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
- সর্বশেষ আপডেট ১১:০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 26
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে শোকজ করা হয়েছে। শিশু ও শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়।
কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ জামায়াতের ওই প্রার্থীকে শোকজ নোটিশ প্রদান করেন।
জানা যায় , কুড়িগ্রাম-১ দাঁড়িপাল্লা ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছেন আনোয়ারুল ইসলাম। বিষয়টি নিয়ে দ্রুত জনসমক্ষে এলে আলোচনা শুরু হলে তা নির্বাচন প্রশাসনের নজরে আসে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, শিশু ও শিক্ষার্থীদের কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সশরীরে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শাতে হবে।
























