নরসিংদীতে দিনব্যাপী নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০৮:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 40
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’- এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দিনব্যাপী নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) নরসিংদী সরকারি কলেজের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
নাগরিক সংগঠন সুজন- সুশাসনের জন্য নাগরিক নরসিংদী জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ। এতে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনার বিকাশে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। তিনি বলেন, তরুণদের মধ্যে নাগরিক অধিকার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। পুঁথিগত শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাচন, জনঅংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব অনুধাবনে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক- এর সভাপতিত্বে এবং সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার- এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সুজন সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট নরসিংদীর কো-অর্ডিনেটর এবং নরসিংদী প্রেস ক্লাবের সহসভাপতি হলধর দাস।
এ সময় আরও বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, জেলা সুজনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কে এম শহীদুল্লাহ, একেএম শাজাহান, মনিরুজ্জামানসহ বিশিষ্টজনেরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও অন্যান্য বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদ তুলে দেন।



































