শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত
- সর্বশেষ আপডেট ০৭:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 125
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ আসাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর থেকেই শহীদ আসাদের সমাধিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শামীম মৃধার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব মঞ্জুর এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সভাপতি মো. মহসিন হোসাইন বিদ্যুৎ, শহীদ আসাদের সহোদর প্রফেসর মনিরুজ্জামান ও আজিজুল্লাহ মো. নুরুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদসহ শিক্ষক, ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২০ জানুয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।
বক্তব্যে উল্লেখ করা হয়, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে যখন বাংলার মানুষ সোচ্চার হয়ে ওঠে, তখন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার ১১ দফা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন। তাঁর এই আত্মত্যাগ গণআন্দোলনকে আরও বেগবান করে এবং শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে।
অনুষ্ঠান শেষে শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মদানকারী সকল শহীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সরকারি শহীদ আসাদ কলেজ, শহীদ আসাদ পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ আসাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।





































