বেড়াতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযোগ জামাতার বিরুদ্ধে
- সর্বশেষ আপডেট ১২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 96
দিনাজপুরের হাকিমপুরে ১৬ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোস্তাক আলী, যিনি একই গ্রামের আক্কাছ আলীর জামাতা। ঘটনার পর থেকে অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা এবং বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ মরিয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মঙ্গলবার বিকেলে একই গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় তার নানি একটি হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে মাঠে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোস্তাক আলী ঘরে প্রবেশ করে কিশোরীর মুখে কাপড় বেঁধে তাকে ধর্ষণ করে।
নানি মাঠ থেকে ফিরে ঘরে নাতনির গোঙানির শব্দ শুনতে পেয়ে ভেতরে ঢোকেন এবং আপত্তিকর অবস্থায় মোস্তাককে দেখতে পান। তিনি তাৎক্ষণিক ধর্ষককে জাপটে ধরে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে আটক করে।
অভিযোগ উঠেছে, মোস্তাকের আটকের খবর পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে এসে লোকদেখানো চড়-থাপ্পড় মেরে তাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। এরপর থেকেই অভিযুক্তের পরিবার ও আত্মীয়রা ঘটনাটি টাকার বিনিময়ে মীমাংসা করার জন্য ভুক্তভোগীর পরিবারকে প্রচণ্ড চাপ দিয়ে আসছে।
কিশোরীর নানি বলেন, ‘নাতনিটা ঘটনার পর থেকে সারারাত ঘুমাতে পারেনি, শুধু কাঁদছে আর কিছুই খাচ্ছে না।’ কিশোরীর মা এই ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকের কঠোরতম শাস্তি দাবি করেছেন।
হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করতে এসেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান শুরু হবে।
































