পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণ বিগ্রহ উদ্বোধন
- সর্বশেষ আপডেট ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 113
গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ উচ্চতার শ্রীকৃষ্ণ বিগ্রহ উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব–২০২৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিগ্রহটির উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মনোজ কুমার। উদ্বোধনের পর তিনি তাঁর স্ত্রীসহ গীতা মহোৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন। ফরিদপুর থেকে আগত গোপীনাথ দাস ব্রহ্মচারী এ সময় গীতা পাঠ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু এবং মন্দির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত অন্যান্যরা।
মন্দিরটি বর্তমানে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও বৃহৎ সনাতন ধর্মীয় স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিতি পাচ্ছে। এখানে দেব–দেবীর মোট ১৪৪টি ভিন্ন প্রতিমা স্থাপনের কাজ চলমান রয়েছে। নান্দনিক স্থাপত্যশৈলী, সুপরিকল্পিত নকশা ও আধ্যাত্মিক পরিবেশের জন্য মন্দিরটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। গাইবান্ধা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন বহু সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী এখানে প্রার্থনা ও দর্শন করতে আসছেন।


























