নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা বাড়ছে: আসক
- সর্বশেষ আপডেট ১০:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 0
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক পরিবেশ ততই সহিংস হয়ে উঠছে। মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতার সংখ্যা, নিহত ও আহতের পরিসংখ্যান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আসকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশে ১৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল, যেখানে ৪ জন নিহত এবং ২৬৮ জন আহত হন। কিন্তু জানুয়ারি মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এক মাসে ৭৫টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১১ এবং আহত হয়েছেন ৬১৬ জন।
জানুয়ারি মাসের ঘটনা বিশ্লেষণ করে আসক জানিয়েছে, মাসজুড়ে সহিংসতার মাত্রা ক্রমবর্ধমান ছিল। ১ থেকে ১০ জানুয়ারি ৮টি ঘটনায় ৫ জন নিহত এবং ২৬ জন আহত হন। ১১ থেকে ২০ জানুয়ারি ১৮টি ঘটনায় ২ জন নিহত এবং ১৭৬ জন আহত হন। ২১ থেকে ৩১ জানুয়ারি, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর মাত্র ১১ দিনে ৪৯টি সহিংসতার ঘটনা ঘটে, এতে ৪ জন নিহত এবং ৪১৪ জন আহত হন।
রাজনৈতিক অস্থিরতার এই সময়ে সাংবাদিকরাও লক্ষ্যযোগ্যভাবে আক্রমণের শিকার হচ্ছেন। ডিসেম্বর মাসে ১১ জন সাংবাদিক লাঞ্ছিত বা বাধাগ্রস্ত হলেও জানুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।
আসক দেশের ক্রমবর্ধমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে। সংস্থা সব পক্ষকে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে।































