নবায়নযোগ্য জ্বালানিতে নারীর ক্ষমতায়নের অঙ্গীকার
- সর্বশেষ আপডেট ০৮:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 50
নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ কম। সামগ্রিক বিদ্যুৎ খাতে নারীর কর্মসংস্থান প্রায় ১০ শতাংশ। কারিগরি ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে অংশগ্রহণ ৪ শতাংশের কম। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে নবায়নযোগ্য জ্বালানিতে নারীর ক্ষমতায়ন জোরদার করবে।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে জাতীয় পর্যায়ের সম্মেলনের তৃতীয় অধিবেশন ‘সংলাপ থেকে অঙ্গীকার: জেন্ডার সংবেদনশীল জ্বালানি ভবিষ্যৎ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহি’-তে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একথা বলেন ।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী বলেন, নারীর অংশগ্রহণ নানা খাতে সীমাবদ্ধ। জ্বালানি খাতে নারীরা বিশেষভাবে ‘অদৃশ্য’। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরুষদের আধিপত্য এখনো প্রকট। জলবায়ু বাস্তবতায় অন্তর্ভুক্তির প্রয়োজন আরও বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ক্ষমতায় গেলে জ্বালানি খাতে নারীরা যে সংকটে পড়েন, তা নিয়ে তার দল গুরুত্ব দিয়ে দেখবে। এছাড়াও তার দল নারীর নামে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড ইস্যু করবেন। সেসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরার প্রবেশগম্যতাকেও গুরুত্ব সহকারে দেখবে।
এনসিপি -এর মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, ইশতেহারে নবায়নযোগ্য জ¦ালানির উল্লেখ থাকলেও সেখানে নারীর অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়নি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে নবায়নযোগ্য জ¦ালানিতে জেন্ডার ধারণাটা সমন্বয় করবো। কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন জোরদারে দলটি কাজ করবে।
জাতীয় পার্টির সাংস্কৃতিক সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ সভাপতি এবং ঢাকা-১০ আসনের মনোনীত প্রার্থী বহ্নি বেপারি নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বায়োগ্যাসকে একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দলীয় আলোচনার ভেতরে থেকেই নবায়নযোগ্য জ্বালানি ও জেন্ডার সংবেদনশীলতার বিষয়টি এগিয়ে নিতে কাজ করবেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, আলোচনা থেকে এখন অঙ্গীকারে যেতে হবে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকির প্রেক্ষাপটে নির্বাচনী ইশতেহারে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি থাকা জরুরি।
শাহীন আনাম বলেন, রাজনৈতিক দলগুলো নারীর প্রতিনিধিত্ব চায় না। কিন্তু তারা কেনো নারীর ভোট চায়! আগামীতে যে সরকারই গঠন করুক না কেন, নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার তালিকায় রাখতে হবে।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকি নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলে। তাই নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে এসব বাস্তবতার প্রতি সংবেদনশীল হতে হবে।
‘ জেন্ডার সংবেদনশীল জ্বালানি ভবিষ্যতের জন্য কণ্ঠস্বর’ প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ের সম্মেলনে তৃণমূলের বাস্তব অভিজ্ঞতাকে নীতিমালা ও বিনিয়োগ সুপারিশে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তি ও অর্থায়নের পাশাপাশি জ্বালানি রূপান্তরের সামাজিক দিক সমতা, অন্তর্ভুক্তি ও ন্যায্যতাকে গুরুত্ব দেওয়া হয়।
প্রথম অধিবেশন ‘নারীর ক্ষমতায়নের আলোকে জ্বালানি নীতি ও সুশাসন’-এ সভাপতিত্ব করেন এমজেএফ-এর রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগামের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। তিনি সকলকে উদ্দেশ করে বলেন, ন্যায্য রূপান্তর কার জন্য? কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে রূপান্তরকে ন্যায্য বলা যায় না।
অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি চাহিদার মধ্যে কোনগুলো ‘আলোচনাযোগ্য’ এবং কোনগুলো আলোচনারও বাইরে, এটি স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। বিশেষ করে নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন ও নিরাপদ ঘরোয়া রান্নার জ্বালানিকে আবশ্যিক প্রয়োজন হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি। সেসেঙ্গ ত্রৈমাসিকে ‘জেন্ডার জেট ড্যাশবোর্ড’ প্রকাশের প্রস্তাবও দেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের পরিবেশ ও জ্বালানি কর্মসূচির ব্যবস্থাপক তানজিনা দিলশাদ বলেন, জ্বালানি খাতে বাস্তবায়ন পর্যায়ের অনেক ভূমিকায় নারী এখনো কম প্রতিনিধিত্বশীল। নারীবান্ধব নীতি প্রয়োজন, যেখানে ক্যারিয়ারের বিরতি স্বীকৃতি পাবে। কাঠামোগত বৈষম্য কমবে, এবং নারীরা কোনোরূপ বাধা ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন।
ক্লিন -এর প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জ্বালানি সুশাসনকে আরও বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক করা প্রয়োজন। তিনি স্বল্প বা শূন্য সুদে ঋণসহ সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা এবং নারী নিয়োগে শক্তিশালী প্রণোদনার সুপারিশ করেন।
দ্বিতীয় অধিবেশন ‘পাওয়ার ইক্যুয়ালিটি বিজনেস’-এ সভাপতিত্ব করেন ইউএন উইমেনের জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কর্মসূচির বিশেষজ্ঞ দিলরুবা হায়দার।
তিনি বলেন, দ্রুতগতির জলবায়ু সংকট নবায়নযোগ্য জ্বালানিকে জরুরি পথ হিসেবে সামনে আনছে। তবে এ খাতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুরুষদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
সুইডেন দূতাবাসের ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্টের সেকেন্ড সেক্রেটারি ফ্রেড্রিকা নোরেন বলেন, দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে অর্থায়নে প্রবেশাধিকার পর্যন্ত জেন্ডার সংবেদনশীল রূপান্তর বাস্তবায়নে সমাজের নানা স্তরে পরিবর্তন দরকার।
তিনি নারীদের জন্য বিনিয়োগে প্রবেশাধিকার সহজ করা, জাতীয় পর্যায়ের পাশাপাশি খাতভিত্তিক বিকেন্দ্রীভূত তহবিল গঠনের সুপারিশ করেন। একইসঙ্গে তিনি আরো বলেন, অর্থায়ন আলোচনা ও কাঠামোতে জেন্ডার সংবেদনশীলতাকে মূল উপাদান হিসেবে রাখতে হবে।
‘ফর দ্য লাইট’-এর প্রতিষ্ঠাতা নাভিদ হাসান বলেন, নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক উদ্যোক্তা ও মালিকানায় নারী এখনো অনেকটাই অনুপস্থিত। তিনি জেন্ডার সমতা নিশ্চিত করতে লক্ষ্যভিত্তিক গ্রিন ফাইন্যান্সিং ও প্রশিক্ষণসহ আর্থিক নীতি শক্তিশালী করার কথা বলেন।
‘এনার্জি অ্যান্ড পাওয়ার’-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনো কম এবং অনেক স্থাপিত সোলার প্যানেল পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। তিনি নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ, সোলার সেঁচকে টেকসই ব্যবসায়িক মডেলে রূপ দেওয়া এবং স্থানীয় সরকারের সহায়তায় নারীর অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন। rewrite



























