মহেশখালীতে জামায়াত আমির
জনগণের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে
- সর্বশেষ আপডেট ০২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 3
কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইনশাআল্লাহ, চোর ও লুণ্ঠনকারীদের পেটের ভেতর হাত দিয়ে এই টাকা বের করে আনা হবে। জনগণের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘বিগত সরকার দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি।’
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবেঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে
বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের পরিবর্তন ও বিপ্লবের কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। যারা জীবন দিয়ে আমাদের এই মুক্তি এনে দিয়েছে, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, ‘আমাদের যুবকরা মিছিল করে বেকার ভাতা চায়নি, তারা বলেছে- আমাদের হাতে কাজ দাও। আমরা অপমানজনক বেকার ভাতা নয়, বরং সম্মানের কাজ তুলে দিতে চাই। মহেশখালী ও কুতুবদিয়া সেই কাজের বিশাল পটেনশিয়াল জায়গা। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত মানে নিয়ে যেতে পারবো।’
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ আর ধীরগতিতে চলবে না, এখন আমাদের ‘‘জাম্প’’ করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কোনো আধিপত্যবাদীর কাছে এ দেশ আর বন্ধক রাখা হবে না এবং কারো চোখ রাঙানি বরদাস্ত করা হবে না।’

































