গণভোটের ইতিবাচক ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ
- সর্বশেষ আপডেট ০৭:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 52
মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক বলেছেন, গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি দেশের পরিবর্তন এবং বৈষম্যহীন সমাজ গড়ার জন্য সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে এবং এই পক্ষে প্রচার চালাতে আহ্বান জানান।
আজ সোমবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট ২০২৬ বিষয়ে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য। তিনি আরও বলেন, শাসকগোষ্ঠী যাতে কোনো কিছুই স্বেচ্ছাচারে করতে না পারে, এমন পরিস্থিতি বদলাতে আসন্ন সংসদীয় নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, “যারা দল করেন, তাঁদের ভিন্নমত থাকতে পারে, তারা তাদের মতো ভোট দেবেন- এতে আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য নেই। তবে রাষ্ট্র পরিবর্তনের জন্য প্রার্থীদের দায়বদ্ধ করতে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, সেই বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তাহলে রাষ্ট্র আপনার হবে। আর কেউ মানুষের জীবনহানি, নির্যাতন, ভয়-ভীতি দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। এটি আপনার রাষ্ট্র-ভোট দিয়ে এর চাবি নিজের হাতে নিন।”
জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম রায়সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
পরে উপদেষ্টা ফারুক-ই-আজম জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম দোগাছী গ্রামে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকেও বক্তব্য দেন।





































