কুয়াকাটায় পরিবেশ সচেতনতায় বিএনসিসি ক্যাডেটরা
- সর্বশেষ আপডেট ০৬:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনসিসি নৌ শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়।
কর্মসূচির অংশ হিসেবে বিএনসিসি নৌ শাখার ক্যাডেটরা সৈকতে আগত পর্যটক, বিচ ক্রিম ও অন্যান্য পণ্য বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী এবং অটোভ্যান চালকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় সৈকত এলাকায় ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব এবং পরিবেশবান্ধব আচরণ অনুসরণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ক্যাডেটরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
ক্যাডেটরা পর্যটকদের উদ্দেশে বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং এতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তারা প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে এসব পরিহারের আহ্বান জানান।
এই সচেতনতামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে কুয়াকাটা পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা বলেন, নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।






























