কিশোরগঞ্জে পিতা হত্যার দায়ে আটক
- সর্বশেষ আপডেট ০৬:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 28
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে মো. জুয়েল (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত জুয়েল দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। শনিবার রাতে পিতা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে জুয়েল ধারালো অস্ত্র দিয়ে পিতার ওপর হামলা চালান।
রমজান আলীর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে জুয়েলকে আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জুয়েলকে থানায় নিয়ে আসে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






























