আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 8
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। দলীয় নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।
জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে তিনি যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। যশোরে এটি তার প্রথম জনসভা।




































